মুন্সিগঞ্জ সদরে আলু খেতে পরে থাকা ককটেল বিস্ফোরণে এক শিশুর হাতের আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোস্তাকিম (৮) মুন্সিকান্দি এলাকার আল আমিনের পুত্র।
শিশুটির পিতা আল আমিন বলেন, দুপুরের পরে আমাদের অজান্তেই খেলতে খেলতে মোস্তাকিম আলু ক্ষেতের দিকে যায়। এরপর হঠাৎ বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা ছুটে গেলে দেখি চারিদিকে রক্ত আর পাশে আমার ছেলে পড়ে আছে। এসময় পাশেই ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পাই। পরে দ্রুত কাপড় দিয়ে হাত-পা পেচিয়ে হাসপাতালে নিয়ে আসি।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস হাসান জানান, বিস্ফোরণে ওই শিশুর ডান হাতের সবকয়টি আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। আঘাত লেগেছে ডান পায়েও। বিকাল সাড়ে ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। পরে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছি।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
ডিবিসি/ এইচএপি