বাংলাদেশ, জেলার সংবাদ

মুন্সিগঞ্জে কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুন্সিগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ভোর পর্যন্ত উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর ঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী এই তল্লাশি অভিযান চালায়। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দৌলতপুর ঘাট সংলগ্ন কিশোর গ্যাংয়ের বিভিন্ন আস্তানায় হানা দেয় সেনাবাহিনী। অভিযানে আস্তানাগুলো থেকে ১৬টি দেশীয় ধারালো অস্ত্র, ৫টি লোহার রড এবং ৩০টি চকলেট বোমা উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এসব অস্ত্র ব্যবহার করে কিশোর গ্যাংয়ের সদস্যরা দৌলতপুর ঘাট এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আধিপত্য বিস্তার করে আসছিল।

 

প্রাথমিক তথ্যানুযায়ী, এই কিশোর গ্যাংয়ের নেতৃত্বে রয়েছে সাব্বির, শাকিল এবং মিহাদ নামে তিন যুবক। তাদের নির্দেশেই ঘাটের চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালিত হতো।

গজারিয়া আর্মি ক্যাম্পের কমান্ডার বুধবার দুপুরে জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় অপরাধীদের দমনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

তিনি আরও উল্লেখ করেন, মুন্সিগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বদ্ধপরিকর। যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড এবং অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পরিশেষে, যেকোনো সন্দেহজনক কার্যকলাপ বা অপরাধমূলক তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে প্রদান করে দেশ ও জনপদকে নিরাপদ রাখতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন