আন্তর্জাতিক, আমেরিকা

মুন্সিগঞ্জে চাচাকে খুন; নিউইয়র্কে প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশে এসে আপন চাচাকে গুলি করে হত্যার দায়ে গ্যানেট রোজারিও (৫৪) নামে এক মার্কিন প্রবাসীকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের একটি আদালত। বৃহস্পতিবার (৭ মে) মার্কিন বিচার বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করে। সাজাপ্রাপ্ত গ্যানেট নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার বাসিন্দা।

আদালতের নথি অনুযায়ী, খুনের শিকার মাইকেল রোজারিও ও খুনি গ্যানেট রোজারিও সম্পর্কে আপন চাচা-ভাতিজা এবং দুজনেই যুক্তরাষ্ট্রের নাগরিক। মুন্সিগঞ্জে তাদের পারিবারিক বসতভিটা ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২১ সালে তারা দুজনেই বাংলাদেশে এসে ওই বাড়িতে অবস্থান করছিলেন।


২০২১ সালের ১১ জুন সন্ধ্যায় গ্যানেট বাড়ির বাইরে ধূমপান করছিলেন। এ সময় জানালার আড়াল থেকে তিনি শুনতে পান, তার চাচা মাইকেল তাকে উদ্দেশ্য করে গালমন্দ করছেন। এতে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গ্যানেট ঘর থেকে একটি শটগান নিয়ে আসেন এবং চিৎকার করে বলেন, তুই কাল আর সূর্য দেখবি না। এরপরই জানালার ফাঁক দিয়ে চাচাকে লক্ষ্য করে গুলি ছোড়েন তিনি। গুলিটি মাইকেলের পেটে বিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


হত্যাকাণ্ডের পর ২০২৩ সালের জুলাই মাসে গ্যানেট কৌশলে যুক্তরাষ্ট্রে ফিরে যান। তবে মার্কিন নাগরিককে বিদেশে হত্যার অপরাধে ২০২৪ সালের এপ্রিলে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা ও অভিযোগ গঠন করা হয়। আদালতে গ্যানেট নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন।


মার্কিন বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এ টাইসেন ডুভা এবং সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের অ্যাটর্নি জে ক্লেটন এই রায় ঘোষণা করেন।


মামলাটির তদন্তে সরাসরি যুক্ত ছিল মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই-এর লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্ক ফিল্ড অফিস। এছাড়া ঢাকার মার্কিন দূতাবাসে নিযুক্ত এফবিআইয়ের লিগ্যাল অ্যাটাশে এবং বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয়ক দপ্তর তদন্তে বিশেষ ভূমিকা পালন করে। মামলার সফল বিচারে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।


সূত্র: মার্কিন বিচার বিভাগ


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন