মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু সংলগ্ন এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র আরাফাত হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৪২ ঘণ্টা পর মঙ্গলবার সকালে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের সামনে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত আরাফাত শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত রবিবার (২৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে আরাফাত তার বন্ধুদের সঙ্গে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামে। তারা চারজন একসঙ্গে পানিতে নামলেও তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে নদীর তীব্র স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় আরাফাত।
ঘটনার পর পরই খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পর মঙ্গলবার সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে তার মরদেহ ভেসে ওঠে। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। শোকাতুর পরিবেশে নিহতের মরদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
ডিবিসি/টিবিএ