বাংলাদেশ, জেলার সংবাদ

মুন্সিগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুন্সিগঞ্জের লৌহজং সংলগ্ন মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) এক শিক্ষার্থী।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থীর নাম নাইম, তিনি এমআইএসটির সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

 

প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ নাইমের সহপাঠীদের সূত্রে জানা গেছে, এমআইএসটির ১৮ জন শিক্ষার্থীর একটি দল নৌকাযোগে পদ্মা সেতু পরিদর্শনে গিয়েছিলেন। ভ্রমণের এক পর্যায়ে উত্তাল পদ্মার সৌন্দর্য উপভোগ করতে করতে তিন বন্ধু ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নামেন। দুর্ভাগ্যবশত, প্রমত্তা পদ্মার তীব্র স্রোতে নাইম তলিয়ে যান। তার অন্য দুই বন্ধু কোনোমতে সাঁতরে তীরে বা নৌকায় উঠতে সক্ষম হলেও নাইমের কোনো খোঁজ পাওয়া যায়নি।

 

ঘটনার পরপরই স্থানীয়রা এবং শিক্ষার্থীরা ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করতে ঢাকা থেকে বিশেষ ডুবুরি দলকেও তলব করা হয়।

 

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিসের দুটি পৃথক ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে নদীতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে প্রতিকূল স্রোত ও পরিস্থিতির কারণে এখনও পর্যন্ত নাইমের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন