বাংলাদেশ, জেলার সংবাদ

মুন্সিগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে নির্বাচনি প্রচারণা নিয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এই হামলা-পাল্টা হামলার ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের সমর্থকরা মুন্সিকান্দি এলাকায় প্রচারণায় বের হন। এ সময় ধানের শীষ প্রতীকের সমর্থক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওজির আলী এবং ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আওলাদ মোল্লার অনুসারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। মুহূর্তের মধ্যে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।


সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হন।


আহতদের মধ্যে মুন্সিকান্দি গ্রামের লিজন সরকার ও মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।


এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে ওই দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। নির্বাচনকে কেন্দ্র করে সেই বিরোধ পুনরায় মাথাচাড়া দেওয়ায় এই সংঘর্ষের সূত্রপাত।


তিনি আরও জানান, খবর পাওয়ার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জড়িতদের আটকে অভিযান চলছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন