মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১৭ জুন) গভীর রাতে উপজেলার গাওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে নিজ বাড়ির ওঠানে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার পর দুর্বৃত্তরা নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটিতেও আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, বুধবার রাতে খাবার খেয়ে নিজের ঘরেই ঘুমিয়ে পড়েন সোহেল। তার স্ত্রী নূপুর সন্তানকে নিয়ে পাশের ঘরে শাশুড়ির সঙ্গে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে হঠাৎ বিকট শব্দ শুনে এবং বাড়ির ওঠানে আগুন জ্বলতে দেখে সোহেলের স্ত্রী ও মা তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে আসেন।
বাইরে আসতেই তারা ওঠানে সোহেলের রক্তাক্ত ও নিথর দেহ পড়ে থাকতে দেখেন এবং দেখতে পান তার মোটরসাইকেলটিতে আগুন জ্বলছে। কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপুর্যুপরি কুপিয়ে এবং মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে, সে বিষয়ে তারা কিছু জানাতে পারেননি।
পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে বৃহস্পতিবার ভোরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহেলের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে মুন্সিগঞ্জ শ্রীনগর-সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, দুর্বৃত্তরা গভীর রাতে ওই ব্যবসায়ীকে ঘর থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ডিবিসি/টিবিএ