মুন্সিগঞ্জের গজারিয়ায় মাদকবিরোধী প্রতিবাদ শোভাযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি চলাকালে একই এলাকায় একটি পরিত্যক্ত স্থান থেকে ৬টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, এদিন সকাল সাড়ে ১০টার দিকে বক্তারকান্দি ও শান্তিনগর গ্রামের বাসিন্দারা পূর্বনির্ধারিত মাদকবিরোধী কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তারকান্দি গ্রামে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রার একপর্যায়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা বক্তারকান্দি গ্রামের একটি পরিত্যক্ত জায়গায় মাদক সেবনের আস্তানা রয়েছে বলে জানান। পরে বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হকসহ শোভাযাত্রায় অংশ নেওয়া স্থানীয়রা ওই স্থানটি পরিদর্শনে যান। এ সময় পরিত্যক্ত জায়গাটিতে মাদক সেবনের কিছু আলামতসহ একটি বড় গাঁজাগাছ দেখতে পান। পরে আশপাশে খোঁজ নিয়ে আরও পাঁচটি ছোট গাঁজাগাছ শনাক্ত করা হয়। পরে বিষয়টি গজারিয়া থানায় অবগত করা হলে পুলিশ এসে গাঁজাগাছগুলো জব্দ করে।
এ বিষয়ে বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে গাঁজাগাছগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/এসডব্লিউএন