জেলার সংবাদ

মুন্সিগঞ্জে লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারায় বাবা!

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বজ্রপাতে নিহত ছেলের মরদেহ চুরির ভয়ে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রাত জেগে কবর পাহারা দিচ্ছেন এক বাবা। গত বৃহস্পতিবার বজ্রপাতে নিহত যুবক আরাফাত খানকে উপজেলার কামারখাড়া সামাজিক কবরস্থানে দাফনের পর থেকেই এই পাহারার ব্যবস্থা করেছে তাঁর পরিবার।

সরেজমিনে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে কামারখাড়া কবরস্থানে গিয়ে দেখা যায়, আরাফাতের কবরের পাশে পাহারায় বসে আছেন তাঁর বাবা জসিম খান।

 

পেশায় দর্জি আরাফাত গত বৃহস্পতিবার গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান। ওই দিন একই উপজেলায় রিজান ঢালী নামে আরেক কিশোরেরও বজ্রপাতে মৃত্যু হয়।

 

নিহত আরাফাতের বাবা জসিম খান জানান, বজ্রপাতে নিহত ব্যক্তিদের কঙ্কাল বা লাশ চুরি যাওয়ার বেশ কিছু ঘটনার কথা লোকমুখে শুনেছেন তাঁরা। সেই আতঙ্ক থেকেই ছেলের কবর সুরক্ষায় এই উদ্যোগ নিয়েছেন।

 

অসুস্থ জসিম খান আক্ষেপ করে বলেন, ‘সবসময় নিজে থাকতে পারি না বলে ধারদেনা করে লোক রেখে কবর পাহারা দিতে হচ্ছে। অভাবের সংসার ঠিকমতো চালাতে পারছি না, এর ওপর ছেলের কবর রক্ষায় প্রতিদিন বাড়তি খরচ গুনতে হচ্ছে। প্রশাসন যদি কবর পাহারার ব্যবস্থা করত, তবে কিছুটা শান্তি পেতাম।’

 

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। শোকসন্তপ্ত পরিবারটিকে মানসিক চাপ থেকে মুক্তি দিতে কবরস্থানটির নিরাপত্তা জোরদারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন