মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত মুদি দোকান থেকে ৩ বালতি ককটেল ও বিপুল পরিমাণ চোরাই ব্যাটারি উদ্ধার করেছে সেনাবাহিনী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ইউনিয়নের ঢালিকান্দি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বালতিগুলোতে আনুমানিক অর্ধশতাধিক তাজা ককটেল রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত ও নাশকতা এড়াতে বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় নিরাপত্তা টহল জোরদার করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় ১৯ বীর-এর একটি দল ঢালিকান্দি এলাকার মানিক শিকদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির পাশের একটি পরিত্যক্ত দোকানের ভেতর লাল রঙের ৩টি প্লাস্টিকের বালতি দেখে সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। বালতিগুলো থেকে তাজা ককটেল এবং পাশেই লুকানো অবস্থায় মোবাইল টাওয়ারে ব্যবহৃত বেশ কিছু চোরাই ব্যাটারি উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ১৯ বীর-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ। তিনি জানান, উদ্ধার হওয়া ককটেল ও ব্যাটারি স্থানীয় থানায় হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানা কর্তৃপক্ষ পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
সার্বিক বিষয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নিয়মিত টহল ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
ডিবিসি/এএমটি