মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ক্লাস চলাকালীন কোনো শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার বা সাথে রাখতে পারবে না। তবে জরুরি প্রয়োজনে শিক্ষার্থীরা শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহার করতে পারবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ জুন অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি কমানো, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বিষয়টি অভিভাবককে জানাতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই নির্দেশনার অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে।
ডিবিসি/এসএফএল