মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত শিশুটির অভিভাবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক আয়া শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরবর্তীতে তিনি বিষয়টি কর্তব্যরত নার্সদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ময়লার স্তূপের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারের পরপরই নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসা ও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের জন্য শিশুটিকে ঢাকায় পাঠানো হয়েছে।
খবর পেয়ে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া। ঘটনাটি শুনে তিনি গভীর দুঃখ প্রকাশ করেন এবং জানান, শিশুটির সর্বোচ্চ সুরক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার পেছনের কারণ ও জড়িতদের খুঁজে বের করতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, রাতের অন্ধকারে ময়লার স্তূপে একটি নবজাতককে ফেলে যাওয়ার এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অমানবিক এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
ডিবিসি/পিআরএএন