জেলার সংবাদ

মুন্সিগঞ্জে হ্যান্ডকাফসহ পালানোর ৩ ঘণ্টা পর নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতা পালিয়ে যান। তবে ঘটনার প্রায় তিন ঘণ্টা পর সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) রাতে উপজেলার বীরতারা ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া সাব্বির শেখ বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাব্বির শেখের বাড়িতে অভিযান চালায় পুলিশ। শ্রীনগর থানার এসআই রাজ্জাক ও শরিফুলসহ একাধিক পুলিশ সদস্য সেখানে উপস্থিত হয়ে তাকে আটক করেন এবং তার হাতে হ্যান্ডকাফ পরান। এ সময় সেখানে উপস্থিত সাব্বির শেখের পরিবারের সদস্য ও আশপাশের লোকজন পুলিশের ওপর চড়াও হয় এবং ধস্তাধস্তিতে লিপ্ত হয়। এই পরিস্থিতির সুযোগ নিয়ে হাতে হ্যান্ডকাফ থাকা অবস্থাতেই দ্রুত পালিয়ে যান সাব্বির শেখ।

 

আসামি পালিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমানসহ অতিরিক্ত পুলিশ সদস্যরা। এরপর পুরো এলাকায় তল্লাশি জোরদার করে ঘটনার প্রায় তিন ঘণ্টা পর সাব্বির শেখকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

 

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিল্টন দত্ত জানান, সাব্বির শেখের বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় মুন্সিগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন