বাংলাদেশ, জেলার সংবাদ

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ৩ জন গুলিবিদ্ধসহ আহত ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ৩রা অক্টোবর ২০২৫ ০৭:২২:৩৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুন্সীগঞ্জ সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত চারজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার করে।

শুক্রবার (৩রা অক্টোবর) দুপুরে উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, গ্রামের গাজী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরেই আজ দুপুরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় এলাকায় ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটানো হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

সংঘর্ষে গুলিবিদ্ধ হন সাকিব মোল্লা (৩০), মহিউদ্দিন মোল্লা (৩৫) এবং আকাশ মোল্লা (২৫)। এছাড়া সাব্বির মোল্লা (২২) নামে আরও একজন আহত হন।

 

আহতদের দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক জানান, "তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।" অপর আহত সাব্বির মোল্লাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, "ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘর্ষকারীরা পালিয়ে যায়।" তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ১৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন