চুরির শাস্তি থেকে বাঁচতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনের চারতলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছে অজ্ঞাত যুবক। সোমবার (৩০ মার্চ) দুপুরের এ ঘটনা ঘটে। আহত যুবকের পরিচয় জানা যায়নি।
ওই যুবকের লাফ দেওয়া এবং তিনি গুরুতর আহত হওয়ার বিষয়টি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের প্রত্যক্ষদর্শী রোগী ও কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার জেনারেল হাসপাতালের চতুর্থ তলার প্যাথলজি বিভাগের ২২৩নং কক্ষ থেকে টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও এলাকার একজন রোগীর মোবাইল চুরি হয়। সোমবার দুপুরে হাসপাতালের একই বিভাগের একই কক্ষ থেকে মোবাইল চুরির সময় রোগী ও রোগীর স্বজনরা অজ্ঞাত ওই যুবককে হাতেনাতে আটক করে। এরপর রোগী ও স্বজনরা তাকে হাসপাতালের চারতলার প্যাথলজি বিভাগের ২২৩নং কক্ষের বারান্দায় আটক রেখে পুলিশকে খবর দিতে যায়। এ সময় ওই যুবক বারান্দা থেকে লাফিয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালের ইমারজেন্সি বিভাগে নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী এক রোগীর স্বজন জানান, দুপুরে আমাদের ওয়ার্ডে মোবাইল চুরি করে চলে যাওয়ার সময় ওয়ার্ডের লোকজন তাকে হাতেনাতে আটক করে। পরে বারান্দায় আটকে রেখে পুলিশ খবর দিতে গেলে,সে বারান্দা থেকে লাফিয়ে পড়ে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক এস এম ফেরদৌস বলেন, দুপুর দেড়টার দিকে ইমারজেন্সিতে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে নিয়ে আসে লোকজন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম জানান, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মোবাইল চুরির ঘটনায় তাকে আটক করা হয়। পরে যুবকটি হাসপাতালের চারতলা থেকে লাফ দিয়েছে। তদন্ত চলছে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
ডিবিসি/এফএইচআর