প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বাই সফর এবং নির্ধারিত অনুষ্ঠানকে কেন্দ্র করে তীব্র নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) অবস্থিত নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (এনএমএসিসি) গ্লোবাল ফিনটেক ফেস্ট (জিএফএফ) উদ্বোধন করার কথা রয়েছে প্রধান মন্ত্রীর। এর আগেই সেখানে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে একটি নিরাপত্তা প্রোটোকল ড্রিল চলাকালীন এই দুজনকে আটক করা হয়। একজনের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী, বিকেসি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন রোহন পারেখ নামের ২৪ বছর বয়সি এক যুবক। তিনি নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কর্মকর্তা বলে দাবি করলেও, তল্লাশিতে তাঁর কাছে একটি ভুয়া পিএমও পরিচয়পত্র পাওয়া যায়।
পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযুক্তরা সন্দেহজনক সরকারি পরিচয়পত্র ব্যবহার করে এবং অস্ত্রসহ জোর করে মল ও জিও ওয়ার্ল্ড প্লাজার নিরাপত্তা ভেদ করে ভেতরে প্রবেশ করেছিল। জব্দ করা অস্ত্রটির লাইসেন্স রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ঘটনার সঙ্গে প্রধানমন্ত্রীর আজকের সফরের সরাসরি কোনো সংযোগ নেই বলেও স্পষ্ট করা হয়েছে।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ ইতিমধ্যে তদন্তের দায়িত্ব নিজেদের হাতে নিয়েছে। অস্ত্র নিয়ে এবং ভুয়া পরিচয়পত্রসহ ওই ভেন্যুতে প্রবেশের পেছনে তাদের আসল উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখতে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, এই অনুষ্ঠানে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/হাদী