যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে ইরান অটল রয়েছে জানিয়ে মুসলিম বিশ্বের কাছে তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন ইরানের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতি তিনি প্রশ্ন তুলেছেন, এ সংঘাতে তারা ঠিক কোন দিকে অবস্থান করছে।
লারিজানির মতে, বর্তমান সংঘাতটি মূলত একদিকে আমেরিকা ও ইসরায়েল এবং অন্যদিকে মুসলিম ইরান ও প্রতিরোধকামী শক্তিগুলোর লড়াই।
ইরান যখন আক্রমণের শিকার হচ্ছে, তখন অন্যান্য মুসলিম দেশগুলোর নীরবতা ও অসহযোগিতাকে অত্যন্ত হতাশাজনক বলে আখ্যায়িত করেছেন এ ইরানি কর্মকর্তা। তিনি অভিযোগ করেন, কিছু দেশ উল্টো ইরানকেই তাদের প্রতিপক্ষ হিসেবে ঘোষণা করেছে, কারণ ইরান ওই দেশগুলোর ভূখণ্ডে থাকা আমেরিকান ঘাঁটি এবং মার্কিন ও ইসরায়েলি স্বার্থে আঘাত হেনেছে। প্রতিবেশী দেশগুলোতে মার্কিন ঘাঁটির উপস্থিতির কারণে ইরান হাত গুটিয়ে নীরবে বসে থাকবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। তবে ইরান মধ্যপ্রাচ্যে কেবল মার্কিন স্বার্থে আঘাত হানার দাবি করলেও, উপসাগরীয় অঞ্চলে তাদের নিক্ষিপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হোটেল এবং জ্বালানি স্থাপনার মতো বিভিন্ন বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার নজির রয়েছে।
মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের ডাক দিয়ে লারিজানি বলেন, ইরান এ অঞ্চলে কোনো ধরনের আধিপত্য বিস্তার করতে চায় না। তিনি মিত্র দেশগুলোকে সতর্ক করে বলেন, আমেরিকার আসলে কোনো আনুগত্য নেই এবং ইসরায়েল কখনোই মুসলিম দেশগুলোর বন্ধু হতে পারে না, বরং তারাই প্রকৃত শত্রু। তাই নিজেদের অস্তিত্ব ও স্বার্থের কথা বিবেচনা করেই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে সঠিক পক্ষ বেছে নেয়ার আহ্বান জানান তিনি।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি