পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শিক্ষা ব্যবস্থা রূপান্তর ও মানুষের জীবনে অর্থবহ পরিবর্তন আনতে মুসলিম বিশ্বকে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও বেশি বিনিয়োগ করতে হবে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ও সিকো ইউনিভার্সিটিজ নেটওয়ার্কের (সান) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
টেকসই উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য অধিক বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিপুল মানবসম্পদ ও সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য থাকা সত্ত্বেও মুসলিম বিশ্ব শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে রয়েছে।
সমঝোতা স্মারককে সময়োপযোগী উদ্যোগ হিসেবে বর্ণনা করে তিনি আশা প্রকাশ করেন, এ অংশীদারিত্বের মাধ্যমে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থীদের বিনিময় এবং প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা ভাগাভাগির মাধ্যমে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা জোরদার হবে।
ডিবিসি/কেএলডি