বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টির চক্রান্ত চলছে উল্লেখ করে ‘আসল শত্রু’র বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি মুসলিমদের ঐক্য বিনষ্ট করতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক করেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে এক লিখিত বিবৃতিতে খামেনি বলেন, তারা বর্ণগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক বিভিন্ন পার্থক্যকে কাজে লাগিয়ে ইরানসহ অন্য সব মুসলিম দেশে বিভেদ তৈরি করতে চায়। মুসলিম উম্মাহকে বিভক্ত ও তাদের শক্তিকে দুর্বল করে সুবিধাজনক সময়ে আধিপত্য কায়েম করাই এদের মূল উদ্দেশ্য।
মুসলিমদের ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকত, তবে ফিলিস্তিনিরা কি এভাবে অসহায় হয়ে দখলদারদের নিপীড়নের শিকার হতো? একইভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে হাজার মাইল দূর থেকে আসা দুর্নীতিগ্রস্ত অপশক্তি তাদের ভূমি ও সম্পদের ওপর নজর দেওয়ার সাহস পেত না বলেও তিনি উল্লেখ করেন।
মুসলিম রাষ্ট্রপ্রধানদের প্রতি তিনি আসল শত্রুকে চেনার, তাদের পরিকল্পনা বোঝার এবং ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করার তাগিদ দেন। খামেনি মার্কিন প্রশাসন এবং ইসরায়েলি শাসনকে মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্বের প্রকাশ্য শত্রু হিসেবে অভিহিত করেন।
তিনি আরও বলেন, এই শক্তিগুলো কেবল ইরানের জনগণ কিংবা ইসলামি প্রতিরোধ ফ্রন্টের শত্রু নয়, বরং তারা পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকাসহ গোটা মুসলিম উম্মাহর অস্তিত্বেরই ঘোর বিরোধী।
ডিবিসি/এসডব্লিউএন