আন্তর্জাতিক, আরব

মুসলিম বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো

ডিবিসি ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ৩রা ফেব্রুয়ারি ২০২৪ ১০:৩৫:২১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাম্প্রতিক সময়ে স্পেনের মাদ্রিদ ভিত্তিক শিক্ষা এবং গবেষণামূলক প্রতিষ্ঠান ‘ওয়েবমেট্রিক্স’ ২০২৪ সালের জানুয়ারি এডিশনের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং প্রকাশ করেছে। তাদের প্রকাশিত প্রতিবেদনের তথ্যমতে, বিশ্বের সেরা এবং প্রথম স্থানীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় স্থানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে ম্যাসাচেটুস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। তবে এই র‍্যাংকিং এ পশ্চিমা বিশ্বের দেশগুলো ব্যাপকভাবে এগিয়ে থাকলেও উচ্চস্তরের শিক্ষা ব্যবস্থায় আরব বিশ্বের দেশগুলোর এগিয়ে যাওয়াটা কিন্তু চোখে পড়ার মতো ছিল।
 

আসলে সাম্প্রতিক সময়ে আরব বিশ্বের অধিকাংশ দেশগুলোতে বিশ্ব মানের উচ্চস্তরের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে। বিশেষ করে সৌদি আরবের সম্মানিত মোহাম্মদ বিন সালমান শাসিত সরকার ভিশন ২০৩০ কে সামনে রেখে তাদের নিজস্ব শিক্ষা ব্যবস্থাকে একেবারে ঢেলে সাজাচ্ছেন। তাছাড়া ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায় সায়েন্স এন্ড টেকনোলজি নির্ভর শিক্ষা ব্যবস্থাকে অধিক গুরুত্ব দিয়ে সৌদি আরব গত ২০২৩ সালে দেশে স্থাপন করেছে শাহিন-৩ সুপার কম্পিউটিং সিস্টেম। যা কিনা দেশটিকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা করা হয়।
 

‘ওয়েবমেট্রিক্স’ ২০২৪ এর র‍্যাংকিং অনুসারে আরব বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়টি হচ্ছে সৌদি আরবের কিং সউদ ইউনিভার্সিটি। যেটি কিনা বিশ্বের সেরাদের তালিকায় রয়েছে ২৯০ তম স্থানে এবং আরব বিশ্বের তালিকায় রয়েছে একেবারে প্রথম স্থানে। তাছাড়া কিং আব্দুলআযিয ইউনিভার্সিটি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩৭০ তম স্থানে এবং আরব বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে এবং কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (কেএইউএসটি) বিশ্বের সেরাদের তালিকায় ৩৮৩ তম স্থানে এবং আরব দেশগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ স্থানে উঠে এসেছে।
 

আরব বিশ্বের সেরাদের তালিকায় মিশরের আলেক্সজান্দ্রিয়া ইউনিভার্সিটি ৪র্থ স্থানে, কায়ারো ইউনিভার্সিটি ৫ম স্থানে এবং কাতার ইউনিভার্সিটি রয়েছে ৬ষ্ঠ তম স্থানে, তবে সারা বিশ্বের সেরাদের তালিকায় এই বিশ্ববিদ্যালয়গুলো যথাক্রমে ৪৯৪ তম, ৫০২ তম এবং ৬৫০ তম স্থানে রয়েছে। তাছাড়া আরব আরব বিশ্বের তালিকায় ৭ম স্থানে কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রলিয়াম এন্ড মিনারেল, ৮ম স্থানে ইউনিভার্সিটি আব জর্দান, ৯ম স্থানে আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত এবং জর্দান ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি রয়েছে ১০ স্থানে।
 

এদিকে সংযুক্ত আরব আমিরাতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ইউনাইটেড আরব অ্যামিরেটস ইউনিভার্সিটি। যেটি কিনা বিশ্বের সেরাদের তালিকায় ৮০৬ তম স্থানে এবং আরব বিশ্বের তালিকায় ১৩ তম স্থানে রয়েছে। কুয়েতের সেরা বিশ্ববিদ্যালয় হচ্ছে কুয়েত ইউনিভার্সিটি, রয়েছে সারা বিশ্বের তালিকায় ১৯৫০তম স্থানে এবং ইরাকের ইউনিভার্সিটি অব বাগদাদ রয়েছে ১৪৯১ তম স্থানে। তাছাড়া সৌদি আরবের তায়েফ ইউনিভার্সিটি ৭৯৯ তম স্থানে এবং কিং খালিদ ইউনিভার্সিটি রয়েছে ৯৩২ তম স্থানে।
 

তবে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় আরব বিশ্বের মধ্যে একক দেশ হিসেবে সর্বোচ্চ সংখ্যক মরক্কোর ১৫৩টি এবং ইরাকের ১২৫টি এবং আলজেরিয়ার ১১৩টি বিশ্ববিদ্যালয়ের নাম স্থান পেয়েছে। তার পাশাপাশি এই তালিকায় সৌদি আরবের ৬৮টি, সংযুক্ত আরব আমিরাতের ৭০টি, কাতারের ১৭টি, লিবিয়ার ৫৭টি এবং প্যালেস্টাইনের ২৯টি, ওমানের ৩৮টি, মিশরের ৭৯টি, সিরিয়ার ৪৩টি, জর্দানের ৩৮টি, লেবাননের ৪৭টি, ইয়েমেনের ৫১টি, বাহরাইনের ১৩টি এবং কুয়েতের মোট ১৪টি বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে।

লেখক: সিরাজুর রহমান, সহকারী শিক্ষক ও লেখক, সিংড়া, নাটোর, বাংলাদেশ।

ডিবিসি/আরপিকে
 

আরও পড়ুন