ভারতের ঘটনা

মৃত ভেবে ভুল মরদেহ নিয়ে গেল পরিবার, হেঁটে বাড়ি ফিরলেন নিখোঁজ যুবক!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জম্মু ও কাশ্মীরে নিখোঁজ এক যুবককে মৃত ভেবে মরদেহ নিয়ে বাড়ি ফিরছিল তার পরিবার। তবে শেষকৃত্যের প্রস্তুতির আগেই জীবিত অবস্থায় বাড়ি ফিরে আসেন ওই যুবক। এ ঘটনায় হাসপাতালের মরদেহ শনাক্তকরণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, জম্মু জেলার সোহঞ্জনা এলাকার বাসিন্দা ২৪ বছর বয়সী বিশাল কুমার একটি কারখানায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। গত শনিবার প্রতিদিনের মতো কর্মস্থলে গেলেও রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বারবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেন।
 

পরদিন সকালে পাঞ্জাবে বসবাসরত বিশালের বোনের কাছে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফোন আসে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মর্গে একটি অজ্ঞাত মরদেহ রয়েছে, সেটি শনাক্ত করতে পরিবারের সদস্যদের আসতে হবে।
 

জম্মু থেকে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে মরদেহটি দেখেন। মরদেহের পেটে থাকা একটি দাগ এবং চোখের ক্ষতের সঙ্গে বিশালের মিল থাকায় তারা সেটিকে তারই মরদেহ বলে ধরে নেন। পরে কান্নাজড়িত অবস্থায় সেই মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন এবং শেষকৃত্যের প্রস্তুতিও শুরু করেন।


কিন্তু পথেই বিশালের এক বন্ধুর ফোন আসে। তিনি জানান, বিশাল জীবিত আছেন এবং নিরাপদে বাড়ি ফিরছেন।
 

প্রথমে বিষয়টি বিশ্বাস করতে পারেননি পরিবারের সদস্যরা। তবে কয়েক ঘণ্টা পর বিশাল বাড়ি ফিরে এলে শোকের পরিবেশ মুহূর্তেই আনন্দে বদলে যায়। পরে পরিবার মরদেহটি হাসপাতালে ফিরিয়ে দেয়।
 

এ ঘটনার পর হাসপাতালের মরদেহ শনাক্তকরণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। ভুল শনাক্তকরণের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ক্ষমাও চেয়েছে বিশালের পরিবার।
 

সূত্র: আনন্দবাজার
 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন