মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাহুয়াতোতে একটি ফুটবল মাঠে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার গুয়ানাহুয়াতো রাজ্যের সালামানকা শহরের একটি ফুটবল মাঠে একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সালামানকা মেয়রের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই বর্বরোচিত হামলার পরপরই অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। তবে এখন পর্যন্ত হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
উল্লেখ্য, গুয়ানাহুয়াতো মেক্সিকোর অন্যতম সহিংস রাজ্য হিসেবে পরিচিত। মাদক চোরাচালান এবং গ্যাং লড়াইয়ের কারণে সেখানে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে থাকে।
ডিবিসি/এমইউএ