বিশ্বকাপ ফুটবলে দীর্ঘ ৪০ বছরের নকআউট রাউন্ডের জয়ের খরা কাটানোয় মেক্সিকো জুড়ে চলছে বাঁধভাঙা উল্লাস। তবে রাজধানী মেক্সিকো সিটিতে এই জয়ের আনন্দ উৎসব বিষাদে রূপ নিয়েছে। ঐতিহাসিক এই জয় উদ্যাপন করতে গিয়ে অতিরিক্ত জনসমাগমে ভিড়ের চাপে শ্বাসরোধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুলাই) ভোরের দিকে মেক্সিকো সিটির স্বাস্থ্য সচিবালয় এক বিবৃতিতে মৃত্যুর এই বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় পায় স্বাগতিক মেক্সিকো। এই জয় উদ্যাপন করতে হাজার হাজার ফুটবলপ্রেমী মেক্সিকো সিটির বিখ্যাত ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স’ স্মৃতিস্তম্ভের আশপাশে জড়ো হন। উৎসবের সুবিধার্থে শহরের প্রধান সড়ক ‘পাসিও দে লা রিফোমা’এবং এর আশপাশের রাস্তাগুলো যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানেই মূলত এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসব চলাকালীন ওই এলাকার বিভিন্ন পয়েন্টে তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেন জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা। পরবর্তীতে তাঁদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন ৪৪ বছর বয়সী পুরুষ এবং একজন ১৯ বছর বয়সী নারী ঘটনাস্থলেই মারা যান। অপর একজন ৪৮ বছর বয়সী নারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত ভিড়ে ‘শ্বাসরোধ হওয়া’র কথা উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’এ শোক প্রকাশ করে বলেন, ‘আমাদের উৎসবগুলো সবসময় দায়িত্বশীলতা, সতর্কতা এবং একে অপরের প্রতি সহানুভূতি বজায় রেখে পালন করা উচিত।’ তিনি হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
দীর্ঘ চার দশকের অপেক্ষার অবসান হওয়ায় স্থানীয়দের মধ্যে ছিল তীব্র উন্মাদনা। একদিকে জয়ধ্বনি ও উল্লাস, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জরুরি উদ্ধারকর্মীরা রাস্তায় পড়ে থাকা অসুস্থ মানুষদের বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছেন। ২০ মিলিয়নেরও বেশি জনসংখ্যার এই শহরে জনসমাগম নতুন কিছু না হলেও, এবারের উৎসবে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।
সূত্র: দ্য গার্ডিয়ান
ডিবিসি/ আরপিডি