আন্তর্জাতিক, অন্যান্য

মেক্সিকোতে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে প্রতিবেশী গুয়াতেমালা ও এল সালভাদরেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর চিয়াপাস অঙ্গরাজ্যের উপকূলীয় শহর আকিলেস সেরদান থেকে প্রায় ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।


প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রের ৩০০ কিলোমিটারের মধ্যে বিপজ্জনক সুনামি ঢেউ সৃষ্টি হতে পারে। মেক্সিকো ও গুয়াতেমালার উপকূলে জোয়ারের স্বাভাবিক উচ্চতার চেয়ে সর্বোচ্চ এক মিটার পর্যন্ত ঢেউ উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে।


মেক্সিকোর নৌবাহিনীর সচিব রাইমুন্ডো পেদ্রো মোরালেস অ্যাঞ্জেলেস জানান, দেশে এখন পর্যন্ত কোনো গুরুতর ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে সমুদ্রের পানির উচ্চতা কিছু এলাকায় অর্ধ মিটার পর্যন্ত বাড়তে পারে বলে সাময়িকভাবে সৈকত থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


ওয়াহাকা অঙ্গরাজ্যের গভর্নর সালোমোন হারা ক্রুজ জানান, রাজ্যের রাজধানীতে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হলেও উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।


গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো জানান, এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই এবং জরুরি সাড়া দেওয়ার পরিকল্পনা কার্যকর করা হয়েছে। এল সালভাদরের ফায়ার সার্ভিসও জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।


সূত্র: সিএনএন


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন