ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ফারুক আহমেদকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। সোমবার (২ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এমআরটি শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো এবং জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় তাকে মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনাকারী এই প্রতিষ্ঠানের নতুন এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
প্রকৌশলী ফারুক আহমেদ দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে ২৫ বছর অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব ও হংকংসহ বিভিন্ন দেশে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তবে দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই সরকারি সিদ্ধান্তে তার নিয়োগ বাতিল করা হলো।
ডিবিসি/টিবএ