জেলার সংবাদ

মেয়র প্রার্থীর ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সমালোচনার মুখে খোকসা থানার ওসি

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুষ্টিয়ার খোকসা পৌরসভার মেয়র পদপ্রার্থী ও সাবেক ছাত্রদলনেতা রবিন রায়হান জমিসের প্রবাসী ভাই নাসির উদ্দিন শেখকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন খোকসার ওসি মোল্লা জাকির হোসেন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশারফর হোসেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে একটি হেলিকপ্টারে সিঙ্গাপুর থেকে এসে তিনি খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

নাসির উদ্দীন শেখ খোকসা উপজেলার খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়ার বাসিন্দা। তিনি খোকসা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে পৌর মেয়র পদপ্রার্থী মো. রবিন রায়হান জসিমের ছোট ভাই।

 

এদিকে একজন প্রবাসী ও মেয়রপ্রার্থীর ভাইকে পুলিশ কর্মকর্তার শুভেচ্ছা জানানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়।

 

স্থানীয়দের ভাষ্য, সিঙ্গাপুর প্রবাসী নাসির উদ্দিন একজন আদম ব্যবসায়ী। অসংখ্য মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছেন। এ ধরনের একজন ব্যক্তিকে সরকারি কর্মকর্তা বা পুলিশ ফুল দিতে পারেন না। এটি স্বজনপ্রীতি ও সরকারি চাকরির নীতিমালার বহির্ভূত।

 

জানা গেছে, সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ এলাকায় দ্রুত পৌঁছাতে তিনি একটি হেলিকপ্টার ভাড়া করেন। পরে হেলিকপ্টারটি তাকে নিয়ে খোকসার উদ্দেশে রওনা হয়ে দুপুরের দিকে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করে। এ সময় তার সঙ্গে সিঙ্গাপুর প্রবাসী দুই ব্যবসায়ী অংশীদারও সফরসঙ্গী হিসেবে ছিলেন।

 

হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই বিদ্যালয় মাঠের আশপাশে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। দুপুরের দিকে হেলিকপ্টারটি মাঠে অবতরণ করলে শত শত মানুষ তা দেখতে ভিড় করেন। অনেকেই মোবাইল ফোনে হেলিকপ্টার অবতরণের দৃশ্য ভিডিও ধারণ করেন এবং পুলিশসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানায়।

 

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, থানার সামনে অবস্থিত খোকসা-জানিপুর পাইলট মাঠে হেলিকপ্টার থেকে অবতরণ করেন প্রবাসী নাসির শেখ। মাঠে নামার পর ওসি মোল্লা জাকির হোসেন ও তদন্ত ওসি মোশারফ হোসেন তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।

 

তবে অভিযোগ অস্বীকার করে খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন মুঠোফোনে বলেন, ‘এ ধরনের ব্যক্তিকে আমরা ফুল দিতেও পারি না, দিইও নাই। যাদের লোক, তারাই ফুল দিয়েছে। আমরা নিরাপত্তার জন্য গিয়েছিলাম। তখন ওনারাই তদন্তকে ফুল দিয়েছে।’ এই বলেই তিনি ফোনটি কেটে দেন।

 

‘ওসি কাউকে ফুল দেননি। ফুল পড়ে যাচ্ছিল কাদার ভেতরে, সেটা উনি ধরাধরি করেছেন’- বলে জানিয়েছেন মেয়রপ্রার্থী রবিন রায়হান জসিম। তিনি বলেন, ‘বাড়িতে একটি দোয়া অনুষ্ঠান ছিল। সেখানে আমার ভাই ও কয়েকজন বিদেশি অতিথি এসেছেন।’

 

এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি আগে ভালো করে জেনে নিই, পরে বিস্তারিত বলছি।’

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন