খেলাধুলা, ফুটবল

মেসিকে নিয়ে প্রশ্নে বিরক্ত রোনালদো!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ২৪শে জুন ২০২৬ ০৬:৩৫:২৪ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সমালোচকদের ফুরিয়ে যাওয়ার বার্তাকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও স্বরূপে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ডিআর কঙ্গোর বিপক্ষে বাজে পারফর্ম করার পর কঠোর সমালোচনার মুখে পড়া এই পর্তুগিজ কিংবদন্তি হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে জোড়া গোল করে দলে ফিরেছেন। এই জয়ে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে পর্তুগাল গ্রুপ পর্ব পার করার লক্ষ্য অর্জন করেছে। একই সাথে বিশ্বকাপে নিজের ১০ম গোল পূর্ণ করে দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন এবং টানা ছয়টি বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েন রোনালদো।

ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে নিয়ে করা প্রশ্নে নিজের চরম বিরক্তি প্রকাশ করেন পর্তুগাল অধিনায়ক। বিশ্বকাপে গ্রুপ পর্বে দুই ম্যাচে হ্যাটট্রিকসহ ৫ গোল করে মেসি দুর্দান্ত ফর্মে থাকায়, এক সাংবাদিক রোনালদোর কাছে জানতে চান পরবর্তী ধাপে মেসির মুখোমুখি হতে চান কি না। জবাবে বিরক্তিমাখা সুরে রোনালদো বলেন যে, এই অর্থহীন প্রশ্নের কোনো উত্তর তাঁর জানা নেই। তবে তেমন কিছু হলে দারুণ হতো উল্লেখ করে তিনি জানান, এখন আসল কাজ ছিল ম্যাচ জিতে গ্রুপ পর্ব পার করা এবং কলম্বিয়ার বিপক্ষে পরবর্তী কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়া। এরপর অন্য এক সাংবাদিক আবারও মেসির দুই গোল ও এমবাপ্পের প্রসঙ্গ টানলে চটে যান রোনালদো। প্রশ্ন শেষ করতে না দিয়েই তিনি পাশ ফিরে অন্য এক সাংবাদিককে পর্তুগিজ ভাষায় কথা বলার ইশারা করেন। পরবর্তীতে ভালো প্রশ্নের ওপর উত্তর দেওয়ার শর্ত জুড়ে দিয়ে রোনালদো নিজের ছন্দ ফিরে পাওয়া প্রসঙ্গে বলেন, তিনি সব সময় একটু আগে কিংবা পরে ফিরে আসেন এবং নিজের কাজের ওপর তাঁর প্রবল বিশ্বাস আছে।

 

কঠিন সময় ও সমালোচনা প্রসঙ্গে রোনালদো স্বীকার করেন যে, গত সপ্তাহটি তাঁর জন্য ভীষণ অন্ধকার ও কঠিন ছিল, যেন মনে হচ্ছিল তিনি ফুটবল থেকে আগেই অবসর নিয়ে ফেলেছেন। তবে হাল না ছেড়ে কঠোর পরিশ্রমে বিশ্বাস রেখে তিনি লড়াই চালিয়ে গেছেন। অন্যদিকে, নিজের রেকর্ড ভাঙার আনন্দের চেয়ে জাতীয় দলকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোই তাঁর মূল লক্ষ্য বলে জানান এই ফরোয়ার্ড। 

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন