খেলাধুলা, ফুটবল

মেসিকে নিয়ে স্কালোনির ‘ভয়’!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে আর্জেন্টিনা দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের অস্বস্তিতে মাঠ ছাড়ার পর থেকেই এই মহাতারকাকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদিও ক্লাবের পক্ষ থেকে প্রাথমিক মেডিকেল টেস্টের পর বড় কোনো ইনজুরি নেই বলে আশ্বস্ত করা হয়েছে, তবে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি স্বীকার করেছেন যে, বিশ্বকাপের জন্য দলের সঙ্গে যোগ দেওয়ার সময় মেসি শতভাগ ফিট থাকছেন না।

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ১০ গোলের থ্রিলার জয়ের ম্যাচে পেশির দুর্বলতার কারণে ৭৩তম মিনিটে মাঠ থেকে উঠে যান মেসি। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ম্যাচটি শেষ করতে না পারায় আসন্ন বিশ্বকাপে তাঁর অংশগ্রহণ নিয়ে ভক্তদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে স্কালোনি জানান, প্রাথমিক মেডিকেল রিপোর্টে পরিস্থিতি খুব একটা খারাপ মনে না হলেও তাঁরা পরবর্তী পরীক্ষার চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছেন।

 

ডিস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন কোচ বলেন, ‘প্রাথমিক তথ্যগুলো খুব একটা খারাপ নয়। এখন পরবর্তী পরীক্ষার ফলের অপেক্ষায় আছি। আমরা সবাই চাই মেসি পূর্ণ ফিট অবস্থায় দলে যোগ দিক, কিন্তু বাস্তবতা ভিন্ন।’ স্কালোনি আরও জানান, এটি শুধু মেসির একার সমস্যা নয়, দলের আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোট থেকে পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

 

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে। সেই ম্যাচে মেসিকে পাওয়ার আশা ব্যক্ত করে স্কালোনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো চোটাক্রান্ত খেলোয়াড়দের রিহ্যাব প্রক্রিয়া ঠিকঠাক চালানো, যেন বিশ্বকাপের আগে তারা সবাই নিজেদের সেরা ছন্দে ফিরতে পারে।’ এখন দেখার বিষয়, টুর্নামেন্ট শুরুর আগে সময়মতো শতভাগ ফিটনেস ফিরে পেয়ে মেসি আর্জেন্টিনাকে মাঠ থেকে নেতৃত্ব দিতে পারেন কি না।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন