২০২৬ বিশ্বকাপ শেষ হলেও লিওনেল মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা থামেনি। ফাইনালের পর অবসরের কোনো ঘোষণা দেননি আর্জেন্টাইন অধিনায়ক। তবে যেকোনো সময় জাতীয় দলকে বিদায় জানাতে পারেন এমন আলোচনা চলছে ফুটবল অঙ্গনে।
২০৩০ বিশ্বকাপ হতে এখনো চার বছর বাকি। তখন মেসির বয়স হবে ৪৩। তাই পরের বিশ্বকাপে তাকে দেখা যাবে এমন আশা খুব একটা করছেন না ফুটবলপ্রেমীরা। তবে ব্যতিক্রম বলিভিয়ার কিংবদন্তি ফুটবলার মার্কো এচেভেরি। তিনি শুধু মেসিকে পরবর্তী বিশ্বকাপে দেখতে চানই না, বরং তাকে অবসর না নেওয়ার আহ্বান জানিয়ে বিশ্বজুড়ে স্বাক্ষর সংগ্রহের প্রস্তাবও দিয়েছেন।
আর্জেন্টাইন গণমাধ্যম সুপার দেপোর্তিভো রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এচেভেরি বলেন, ‘আশা করি, সে অবসর নেবে না। তাকে অবশ্যই পরের বিশ্বকাপে থাকতে হবে।’
৩৯ বছর বয়সেও সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেসি। টুর্নামেন্টে ৮ গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন তিনি। সেই পারফরম্যান্সে মুগ্ধ এচেভেরির মন্তব্য, ‘আমার মতে, এটি মেসির খেলা সেরা বিশ্বকাপ। অন্য সব খেলোয়াড়ের তুলনায় সে অনেক এগিয়ে ছিল।’
মেসিকে মাঠে ধরে রাখার জন্য অভিনব এক উদ্যোগেরও প্রস্তাব দিয়েছেন সাবেক এই বলিভিয়ান তারকা। তার ভাষায়, ‘একটি চিঠি লেখা উচিত। সারা বিশ্ব থেকে স্বাক্ষর সংগ্রহ করে মেসিকে অনুরোধ জানানো উচিত, যেন সে অবসর না নেয়। মেসিকে ছাড়া বিশ্ব ফুটবল কেমন হবে, সেটা ভাবলেই সবকিছু অন্য রকম মনে হয়। আমার বিশ্বাস, সেও এখনই অবসর নিতে চায় না।’
এচেভেরি আরও বলেন, আর্জেন্টিনার ফুটবলারদের জয়ের মানসিকতা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। ‘আর্জেন্টিনার ফুটবলাররা জন্মগতভাবেই বিজয়ী। আমি সব সময় তাদের বিশ্বাস করি। কঠিন ম্যাচেও তারা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে।’
বলিভিয়ার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মার্কো এচেভেরি ১৯৯৪ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। ২০০৪ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পর তিনি কোচিংয়ে যুক্ত হন।
ডিবিসি/আরএফই