খেলাধুলা, ফুটবল

মেসির ইচ্ছেতেই জর্ডানের বিপক্ষে অন্যদের খেলিয়েছিলেন স্কালোনি!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জর্ডানের বিপক্ষে ম্যাচটিকে বেঞ্চের শক্তি পরখ করা এবং পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ হিসেবেই কাজে লাগিয়েছেন আর্জেন্টাইন কোচ। প্রথমার্ধে দল চেনা ছন্দের বাইরে থাকলেও জয় পাওয়ায় এবং নিয়মিত একাদশের বাইরের খেলোয়াড়দের মাঠে নামাতে পারায় তিনি সন্তুষ্ট।

এদিন সবচেয়ে বড় চমক ছিল সেন্ট্রাল মিডফিল্ডার এজেকিয়েল পালাসিওসকে রাইটব্যাক পজিশনে খেলানো। স্কালোনি জানান, লম্বা বিরতির পর ফেরা নাহুয়েল মলিনা এবং নকআউটের জন্য গুরুত্বপূর্ণ গঞ্জালো মন্তিয়েলকে ঝুঁকিমুক্ত রাখতেই এই বিকল্প পথে হেঁটেছেন তিনি। কাউকে ঝুঁকিতে না ফেলে নতুন কাউকে বাজিয়ে দেখার জন্য এটি একটি নিখুঁত সুযোগ ছিল বলে মন্তব্য করেন তিনি।


শেষ ৩২ ও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া আগেই নিশ্চিত থাকায় জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি ছিল স্রেফ নিয়ম রক্ষার। সেই ম্যাচেও ৩-১ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ের স্বস্তি নিয়ে নকআউটের লড়াইয়ে নামতে যাওয়া আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ কেপ ভার্দে। আপাতদৃষ্টিতে ফেবারিট হলেও সংবাদ সম্মেলনে এই প্রতিপক্ষকে নিয়ে চরম সমীহ প্রকাশ করেছেন কোচ লিওনেল স্কালোনি। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো দলের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করা কেপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে জানান তিনি। প্রতিপক্ষকে গতিময়, মানসম্পন্ন ও গোছানো দল আখ্যা দিয়ে স্কালোনি দলকে ভীষণ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

 

পরীক্ষা-নিরীক্ষার এই ম্যাচেও সব আলো কেড়ে নিয়েছেন লিওনেল মেসি। শুরুর একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ফ্রি-কিক থেকে দারুণ একটি গোল করেন তিনি। ম্যাচ শেষে স্কালোনি জানান, সতীর্থদের খেলার সুযোগ করে দিতে এবং নকআউট পর্বের জন্য নিজেকে তরতাজা রাখতেই মেসি নিজে থেকে বেঞ্চে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন। চাইলে পুরো ৯০ মিনিট খেলে নিজের গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকলেও তিনি তা করেননি।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন