খেলাধুলা, ফুটবল

মেসির চোট গুরুতর নয়, আর্জেন্টিনা শিবিরে স্বস্তি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৬শে মে ২০২৬ ১১:৫৬:০৯ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে ক্লাবের হয়ে মাঠে নেমে চোট পাওয়ায় লিওনেল মেসিকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা অধিনায়ককে পাওয়া যাবে কি না, সেই উদ্বেগের মাঝেই স্বস্তির খবর মিলেছে মেডিকেল রিপোর্টে। জানা গেছে, গুরুতর কোনো চোটে পড়েননি এই মহাতারকা।

সোমবার (২৫ মে) মেসির ক্লাব ইন্টার মায়ামি এক বিবৃতিতে জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় তার কোনো গুরুতর চোট ধরা পড়েনি; বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তির সঙ্গে কেবল অতিরিক্ত চাপের (ওভারলোড) কারণে টান পড়েছে। এর আগে, ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ গোলে জয়ের ম্যাচে ৭৩তম মিনিটে বাঁ ঊরু চেপে ধরে মাঠ ছেড়ে সরাসরি লকার রুমে চলে যান মেসি। এই চোট নিয়ে ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) স্বস্তির খবর দিয়ে নিশ্চিত করেছেন, মেসি কেবল অস্বস্তিতে ভুগছেন, তার চোট গুরুতর নয়।

 

তবে এই আর্জেন্টাইন তারকা ঠিক কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেনি মেজর লিগ সকারের ক্লাব মায়ামি। বিবৃতিতে তারা জানিয়েছে, ক্লিনিক্যাল ও শারীরিক অগ্রগতির ওপর নির্ভর করেই তার মাঠে ফেরার বিষয়টি নির্ধারণ করা হবে।

 

এদিকে, আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর পাঁচ দিন পর আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই আসরকে সামনে রেখে আগামী সপ্তাহেই আলবিসেলেস্তেরা তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন