পিএসজি থেকে মেসির আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণায় নিজেকে আর ধরে রাখতে পারেন নি নেইমার। নিজের অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছেন এক আবেগঘন স্ট্যাটাস।
মেসির বিদায়ী ম্যাচে বুট পায়ে মাঠে নামতে পারেননি নেইমার। তবে মাঠে ঠিকই উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। বন্ধুর বিদায়ে আবেগপ্রবণও হয়েছেন।
ফেসবুকে নেইমার লিখেছেন, ভাই আমার… যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি, তবে আমরা চেষ্টা করেছি। তোমার সঙ্গে দুই বছর কাটাতে পারাটা দারুণ ছিল। যেখানেই যাও না কেনো, আনন্দে থাকো, ভালো থাকো। ভালোবাসি তোমাকে।
ইনজুরির কারণে নেইমার গ্যালারিতে বসেই মেসি-রামোসদের বিদায়ী ম্যাচ দেখেছেন। ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে মাঠে গিয়ে লিগ জয়ের আনন্দও উদযাপন করেন। প্রিয় বন্ধু মেসিকে বিদায়ও জানিয়েছেন উষ্ণ আলিঙ্গনে।
২০২১ সালের ২৯ আগস্ট ফ্রেঞ্চ ফুটবল ও লিগ ওয়ানে অভিষেক হয় লিওনেল মেসির। পিএসজি’র হয়ে খেলা ৭৪টি ম্যাচেই প্রায় সবকটিতেই দেখা গেছে মেসির ভালো পারফরম্যান্স। দুই মৌসুমে পিএসজির হয়ে ৩২টি গোল করেন লিও, যার প্রথমটি এসেছিল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যানসিটির বিরুদ্ধে। পিএসজি’র ৩০ নম্বর জার্সি গায়ে প্রথম মৌসুমেই আর্জেন্টাইন মহাতারকা জেতেন ফ্রেঞ্চ লিগ ও ব্যক্তিগত সপ্তম ব্যালন ডি’অর। তবে শেষ ম্যাচে হারের যন্ত্রটাও নিতে হয়েছে মেসিকে।