খেলাধুলা, ফুটবল

মেসির সম্মানে ১০ মিনিটে ‘থেমে যাবে’ সব খেলা!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় দল থেকে ৩৯ বছর বয়সে কিংবদন্তি অধিনায়ক লিওনেল মেসির অবসরের ঘোষণার পর এক বিশেষ বিদায়ী সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিশ্চিত করেছে যে, এই উইকএন্ডে দেশের সব অফিসিয়াল প্রতিযোগিতার ভেন্যুতে এই শ্রদ্ধা জানানো হবে, যার কেন্দ্রবিন্দুতে থাকবে সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সি।

এএফএ নির্দেশ দিয়েছে যে, ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিট খেলা চলার পর খেলা সাময়িক বন্ধ রাখা হবে। ঠিক সেই মুহূর্তে আলবিসেলেস্তাদের জার্সিতে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারকে সম্মান জানাতে এক মিনিটব্যাপী করতালির আয়োজন করা হবে।

 

এএফএ এক ঘোষণায় জানিয়েছে, পুরুষ ও নারী উভয় বিভাগের (১১ জনের ফুটবল, ফুটসাল এবং বিচ সকারসহ) সব প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডের ম্যাচগুলোতে প্রথমার্ধের ১০ মিনিট পর এক মিনিট হাততালি দিয়ে আর্জেন্টাইন জাতীয় দলের হয়ে লিওনেল মেসির অসাধারণ ক্যারিয়ারকে সম্মান জানানো হবে। এছাড়া যেসব স্টেডিয়ামে বড় স্ক্রিন রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে মেসির ক্যারিয়ারের বিভিন্ন মুহূর্তের ছবি নিয়ে তৈরি প্রায় দুই মিনিটের একটি বিদায়ী ভিডিও প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে।


একটি আবেগঘন হাতে লেখা চিঠির মাধ্যমে গত সোমবার অবসরের ঘোষণা দেন মেসি। সাবেক আর্জেন্টাইন অধিনায়ক লিখেছেন, "আমি নিজেকে পুরোপুরি নিংড়ে দিয়েছি। দেওয়ার মতো আর কিছু বাকি নেই, তাছাড়া দারুণ কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে যারা সেখানে থাকার যোগ্য।" ২০০৫ সাল থেকে শুরু হওয়া আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০০-র বেশি ম্যাচ খেলেছেন মেসি, করেছেন ১২৫টি গোল এবং উপহার দিয়েছেন ৬৮টি অ্যাসিস্ট। ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচটিই ছিল তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।


২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ ফিনালিসিমা জয়ের গৌরব অর্জন করে জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন মেসি। এর আগে ২০০৫ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ২০০৮ অলিম্পিক গেমসেও স্বর্ণপদক জেতেন তিনি। এই উইকএন্ডের আয়োজনের মধ্য দিয়ে তাঁর বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ‘১০’ নম্বর সংখ্যাটিকে ঘিরে দেশটির ফুটবল আঙিনায় শুরু হতে যাচ্ছে প্রথম বড় এই শ্রদ্ধা নিবেদন।

 

সূত্র: বিইন স্পোটর্স

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন