বাংলাদেশ, জেলার সংবাদ

মেহেরপুরে অনলাইন জুয়ার ৪ এজেন্ট আটক

মেহেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মেহেরপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অনলাইন জুয়ার ৪ জন এজেন্ট আটক হয়েছেন। শুক্রবার (১৫ মে) রাতে সদর ও গাংনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রাফসান জনি রিপন (৩২), ফাহাদ হাসান জুনায়েদ (১৯), বায়েজিদ ডালিম (৩০) এবং রকিবুল ইসলাম (৩৫)। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনে অনলাইন জুয়ার সাইট এবং অবৈধভাবে ডলার লেনদেনের গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ পেয়েছে পুলিশ।

ডিবি জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে সদর উপজেলার চাঁদবিল এলাকা থেকে বায়েজিদ ডালিমকে আটক করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে বাইনান্সের মাধ্যমে অবৈধ ডলার কেনাবেচা এবং ৪টি ই-মেইল অ্যাড্রেসসহ জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার প্রমাণ মেলে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুজিবনগরের পুরন্দরপুর গ্রাম থেকে রকিবুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করে একই ধরনের ডলার কেনাবেচা ও জুয়া খেলার তথ্য পাওয়া যায়।

 

অন্যদিকে, ডিবির অপর একটি দল গাংনী উপজেলার গাড়াডোব এলাকা থেকে রাফসান জনি রিপনকে আটক করে। তার কাছ থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনে ৩৭টি মেইল আইডিসহ ২৯টি জুয়া খেলার অ্যাকাউন্ট পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমঝুপি এলাকা থেকে ফাহাদ হাসান জুনায়েদকে আটক করা হয়। জুনায়েদের ফোন থেকে সাতটি ই-মেইল আইডিসহ অনলাইন জুয়া খেলার মার্চেন্ট অ্যাকাউন্ট উদ্ধার করে ডিবি।

 

ডিবির ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তারা পরস্পর যোগসাজশে ইন্টারনেট ও সাইবার স্পেস ব্যবহার করে জুয়া পরিচালনা করে আসছিলেন। তারা বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই মোবাইল ব্যাংকিং এবং বাইনান্স অ্যাপ ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন করতেন। এসব চক্রের ফাঁদে পড়ে স্বল্প পরিশ্রমে অধিক লাভের আশায় গ্রামের বেকার যুবসমাজ ও সাধারণ মানুষ নিজেদের সঞ্চয় হারিয়ে নিঃস্ব হচ্ছেন। অনেকে সর্বস্ব হারিয়ে বিষণ্ণতায় ভুগে মাদকাসক্তিসহ নানা সামাজিক অপরাধেও জড়িয়ে পড়ছেন।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মেহেরপুর গাংনী ও সদর থানায় সাইবার সুরক্ষা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন