মেহেরপুরের আমতৈল গ্রামে ষোলটাকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও মহিলা মেম্বার আফরোজা খাতুনের বাড়ির সামনে থেকে লাল স্কচ টেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রববার (১৬ আগস্ট) সকালে বস্তু দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।
সকালে স্থানীয়রা আফরোজা খাতুনের বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু দুটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, ইউনিয়ন পরিষদে আধিপত্য বিস্তারের জেরে ভীতি সৃষ্টির লক্ষ্যেই দুর্বৃত্তরা এগুলো রেখে যেতে পারে। প্রসঙ্গত, আফরোজা খাতুনের স্বামী আবুল হোসেন ষোলটাকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
ডিবিসি/আরএসএল