মেহেরপুরের গাংনীতে ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করে পালানোর সময় চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। আজ রবিবার (১০ মে) সকালে বামন্দী বাজারের একটি পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে চোরাই মালামাল ও চুরির কাজে ব্যবহৃত অবৈধ যান ‘আলগামন’ সহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম উজ্জল মালিথা। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (৯ মে) সন্ধ্যার পর দৌলতপুর থেকে একটি আলগামনে চড়ে উজ্জলসহ মোট পাঁচজন মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হয়। রাত ৮টার দিকে তারা বামন্দী বাজারে পৌঁছানোর পর চক্রের অন্য চার সদস্য করমদী গ্রামের সড়কে নেমে যায় এবং উজ্জল আলগামন নিয়ে কাতলামারি এলাকায় অবস্থান করতে থাকে।
আজ রবিবার ভোরের দিকে ফোন পেয়ে উজ্জল পুনরায় একই স্থানে গিয়ে ওই চার সদস্য ও চুরি করা মালামাল নিয়ে ফিরছিল। ফেরার পথে বামন্দী পশুহাট সড়কে পুলিশের নিয়মিত চেকপোস্ট দেখে গাড়ি থেকে অন্য চারজন লাফিয়ে পালিয়ে গেলেও চালক উজ্জলকে পুলিশ ধরে ফেলে।
গাংনী উপজেলার বামন্দী পুলিশ ক্যাম্পের উপ-সহকারী পরিদর্শক মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তল্লাশির সময় আলগামন থেকে ট্রান্সফরমার চুরির বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
আটককৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া পালিয়ে যাওয়া চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবিসি/টিবিএ