মেহেরপুরের গাংনীর মুন্দা গ্রামে মাটির নীচে পুঁতে রাখা স্বর্ণালংকার চুরির অভিযোগে আলাল শেখ (২২) নামে এক টাইলস মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) রাতে গাংনী পুলিশ কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বানিয়াপাড়া বারাদি গ্রাম থেকে অভিযুক্ত আলাল শেখকে গ্রেপ্তার করে। সেই সাথে চুরি যাওয়া অলংকার অপর আসামি মোমিন খানের শ্বশুর বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কলেজপাড়া হতে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আলাল শেখ কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বানিয়াপাড়া বারাদি গ্রামের আরজান শেখের ছেলে। তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, মুন্দা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে শাহীন কুয়েত প্রবাসী। বাড়িতে থাকেন তার বৃদ্ধা মা নার্গিস বানু ও তার দুই বোন। নিরাপত্তার স্বার্থে নার্গিস বানুর এবং তার দুই মেয়ের ব্যবহৃত স্বর্ণালংকার, যেমন- নেকলেস, চুড়ি, কানের দুল, চেইন, আংটিসহ মোট ১১ ভরি ১৪ আনা ওজনের অলংকার একটি প্লাস্টিকের কৌটায় ভরে ঘরের পাশে মাটির নিচে লুকিয়ে রাখেন।
গত কয়েকদিন আগে নার্গিস বানুর বাড়িতে ৫ জন টাইলস মিস্ত্রি কাজ শুরু করেন। ৫ জুলাই (রবিবার) বিকেলে মিস্ত্রিরা চলে যাওয়ার পর নার্গিস বানু দেখেন মাটির নিচে রাখা গয়না নেই। পরে বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানতে পারেন, কাজ করার সময় মিস্ত্রি মাটি খুঁড়ে গয়না নিয়ে গেছে।
ফুটেজ দেখে স্থানীয়রা কুষ্টিয়ার কুমারখালীর বাসিন্দা মোমিন খান (৩৬) ও মো. আলালকে (২২) শনাক্ত করা হয়। এ ব্যাপারে স্বর্ণের মালিক নার্গিস বানু গাংনী থানায় পেনাল কোডের ৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে চুরি হওয়া স্বর্ণালংকার অপর আসামি মোমিন খানের শ্বশুর বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্য আসামি মোমিন খানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/আরপিডি