মেহেরপুরের গাংনী উপজেলার আযান গ্রামে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে রাব্বি হোসেন (১৮) নামের তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে আযান গ্রামের মাঠে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি হোসেন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মিজানুর রহমান মিজারের ছেলে। তার নানাবাড়ি আযান গ্রামেই অবস্থিত।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ও গাংনী উপজেলার আযান গ্রামের কিশোরদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। রাব্বির উদ্যোগে আযান গ্রামের তরুণ-যুবকদের সঙ্গে এই খেলার আয়োজন করা হয়। খেলা চলাকালীন সময়ে রাব্বি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং মাঠের মাঝেই বুকে হাত দিয়ে বসে পড়েন। পরে তাকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু রাজিব হোসেন বলেন, ‘রাব্বি আমাদের বন্ধু ও আত্মীয়। আজকের খেলার প্রস্তাব তারই ছিল। কিন্তু খেলা চলাকালে হঠাৎ সে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কী কারণে তার এমনটি হলো, তা আমরা কিছুতেই বুঝতে পারছি না।’
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই রাব্বির মৃত্যু হয়েছে। যেহেতু তার বয়স ১৮ বছর, তাই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী আইনগত প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবিসি/এমএনকে