মেহেরপুরের গাংনীতে একটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। রবিবার (১৪ জুন) বিকেলে গাংনী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে গাংনী বড়বাজারের কসাইখানা এলাকায় একটি বেওয়ারিশ কুকুর হঠাৎ পথচারীদের ওপর হামলা করে এবং কামড়াতে শুরু করে। এ সময় স্থানীয়রা আক্রান্তদের রক্ষা করতে এগিয়ে গেলে কুকুরটি তাদেরও কামড়ে দেয়। পরে ক্ষুব্ধ লোকজন একত্রিত হয়ে ওই বেওয়ারিশ কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে।
আহতদের মধ্যে গাংনী মহিলা কলেজ পাড়ার নুহু হোসেন (৯), উত্তর পাড়ার মাহাবুব হোসেন (১১), মালসাদহ গ্রামের সাদিয়া সুলতানা (১৬), চৌগাছার আব্দুল মান্নান (৭০), বাজার পাড়ার ফারিয়া খাতুন (১২), মুকুল হোসেন (৪৫), হাবিবুর রহমান (২২), হাফিজুর রহমান (৬০), ধানখোলা গ্রামের রফিকুল ইসলাম (৫৫) এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কাদের আলীকে (৫৬) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া আহত অপর ৭ জন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সামিয়া সুলতানা জানান, দুপুরের পর থেকে কুকুরের কামড়ের শিকার ১০ জন রোগীকে তারা পেয়েছেন। এদের মধ্যে যাদের আঘাত গুরুতর তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
ডিবিসি/আরএসএল