মেহেরপুরের গাংনী উপজেলায় স্কুল ফিডিং গাড়ির ধাক্কায় আমির হামজা নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হামজা রামনগর গ্রামের হাকিম আলীর ছেলে এবং ওই বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত রুটি, কলা ও ডিম নিয়ে একটি গাড়ি বিদ্যালয়ে প্রবেশের সময় পেছনের দিকে যাচ্ছিল। এ সময় স্কুল মাঠে থাকা শিশু আমির হামজা গাড়িটির ধাক্কা খেয়ে চাকার নিচে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, স্কুল ফিডিং গাড়ির ধাক্কায় আহত শিশুটি হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডিবিসি/আরএসএল