মেহেরপুর-মুজিবনগর সড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় এক শিশু ও অটোরিকশাচালকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সড়কের পিটিআই মোড় ও নতুনগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে। ডাকাতরা যাত্রীদের মারধর করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
হামলায় আহতরা হলেন আব্দুর রশিদ (৩০), তার স্ত্রী সোহানি জামান (২৭), উভসন (৪০), তিন বছরের শিশু আয়ান এবং অটোরিকশাচালক রাজা মিয়া (৩৭)। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় আব্দুর রশিদ ও চালক রাজা মিয়াকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রাম থেকে অসুস্থ সোহানি জামানকে নিয়ে চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা অটোরিকশা যোগে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে পিটিআই ও নতুনগ্রামের মাঝামাঝি নির্জন স্থানে পৌঁছালে একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে তাদের গতিরোধ করে। এ সময় ডাকাতরা অটোরিকশায় থাকা যাত্রীদের এলোপাতাড়ি মারধর শুরু করে এবং নারীদের কাছ থেকে কানের দুল, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। ডাকাতদের মারধরে রোগীর স্বজন ও চালক জখম হন।
ঘটনার পরপরই ওই সড়ক দিয়ে আসা ‘জে আর পরিবহন’-এর একটি বাস ভুক্তভোগীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পৌঁছে দেয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।
ডিবিসি/পিআরএএন