রাজনীতি, রাজধানী

মে দিবসে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আগামী ১ মে বেলা আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান এ এসব তথ্য  জানান। এ সময়ে তিনি সমাবেশের বিস্তারিত তুলে ধরেন।

 

সমাবেশে সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। এ ছাড়াও দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা এতে অংশ নেবেন। নজরুল ইসলাম খান বলেন, এটি একটি বড় কর্মসূচি এবং একে একটি বৃহৎ শ্রমিক সমাবেশে পরিণত করার জন্য ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গতকাল থেকে প্রস্তুতি সভা শুরু হয়েছে এবং পয়লা মে পর্যন্ত এই প্রস্তুতি অব্যাহত থাকবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের সমাবেশ একটি ঐতিহাসিক সমাবেশে রূপ নেবে।

 

তিনি আরও বলেন, মহান মে দিবস কেবল একটি আনুষ্ঠানিক দিবস নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। শ্রমিক আন্দোলনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, শ্রমিকদের সংগঠিত হওয়া ছাড়া তাঁদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। ১৮৮৫ সালে শ্রমিকেরা সিদ্ধান্ত নেয় যে পরবর্তী বছরের মে মাসে তাঁরা সর্বাত্মক আন্দোলন গড়ে তুলবে এবং সেই ধারাবাহিকতায় ১৮৮৬ সালের আন্দোলন বিশ্ব ইতিহাসে স্থান পায়।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সমাবেশ আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ শ্রমিক দলের নেতা-কর্মীরা নিজেদের উদ্যোগেই সংগ্রহ করছেন। এ বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, আমরা নিজেরাই চাঁদা দিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করছি। কারও কাছে অর্থের জন্য যেতে হচ্ছে না। এটি আমাদের স্বনির্ভরতার একটি উদাহরণ।

 

এটি শ্রমিকদের নিজেদের শক্তিতে দাঁড়ানোর একটি প্রচেষ্টা এবং ভবিষ্যতে দেশের পরিবর্তনে শ্রমিক শ্রেণির ভূমিকা আরও সুদৃঢ় হবে বলে তিনি মন্তব্য করেন।

 

তিনি বলেন, নির্বাচনের আগে যে ইশতেহার দেওয়া হয়েছে, তাতে শ্রমিকদের জন্য অনেক ইতিবাচক প্রতিশ্রুতি রয়েছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে সাম্প্রতিক বৈশ্বিক সংঘাতের কারণে কিছু ক্ষেত্রে বাস্তবায়নে বিলম্ব হতে পারে। তিনি উদাহরণ দিয়ে বলেন, আন্তর্জাতিক অস্থিরতা দেশের উন্নয়ন কার্যক্রমে প্রভাব ফেলতে পারে, যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে।

 

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও মহাসচিব নুরুল ইসলাম খান নাসিমসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন