মোংলা নদীতে ট্রলার থেকে পড়ে মো. হোসেন মোড়ল (৪০) নামে এক ট্রলার মাঝি নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে পৌর শহরের লেবার ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হোসেন মোড়ল দাকোপ উপজেলার চালনা এলাকার মৃত মো. ইউনুস মোড়লের ছেলে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, হোসেন মোড়ল প্রতিদিনের মতো চালনা থেকে বিভিন্ন হ্যাচারির মাছের পোনা নিয়ে মোংলায় আসতেন। আজ সকালে তিনি 'রেডি স্টার' হ্যাচারির পোনা নিয়ে মোংলা লেবার ঘাটে পৌঁছান। ট্রলার থেকে নামার সময় হঠাৎ মাথা ঘুরে তিনি নদীতে পড়ে তলিয়ে যান।
এ সময় ট্রলারে তার স্ত্রী ও ছয় বছরের এক কন্যাসন্তান উপস্থিত ছিলেন। স্বামীর মর্মান্তিক এই দৃশ্য দেখে স্ত্রী চিৎকার শুরু করলে হোসেনের সহযোগী ও স্থানীয়রা তাকে উদ্ধারে তাৎক্ষণিক নদীতে ঝাঁপ দিলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে প্রথমে স্থানীয় ডুবুরি দল এবং পরবর্তীতে মোংলা ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিত উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ হোসেন মোড়লকে উদ্ধার করা সম্ভব হয়নি; তীব্র স্রোত উপেক্ষা করে উদ্ধারকর্মীরা তাদের তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ডিবিসি/টিবিএ