ইরানের নতুন নিয়োগপ্রাপ্ত নেতা মোজতবা খামেনির বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত তিনি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিলে ‘পারস্পরিক’ আলোচনার ভিত্তিতেই নেবেন। পাশাপাশি দুর্নীতির দায়ে বিচারাধীন নেতানিয়াহুকে অবিলম্বে ক্ষমা করে দেওয়ার জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 'দ্য টাইমস অব ইসরায়েল'-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।
খবর আলজাজিরা। ইসরায়েলি সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ইরানের নতুন নিয়োগের বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি কেবল বলেন, "সামনে কী ঘটে তা আমরা দেখব।"
তবে ইরানের সঙ্গে যুদ্ধ সমাপ্তির বিষয়ে ট্রাম্প জানান, এই সিদ্ধান্তটি নেতানিয়াহুর সঙ্গে আলোচনার মাধ্যমেই নেওয়া হবে। তিনি বলেন, "আমি মনে করি এটি অনেকটা পারস্পরিক... কিছুটা তো বটেই। আমাদের মধ্যে কথা হচ্ছে। আমি সঠিক সময়েই সিদ্ধান্ত নেব, তবে সবদিক বিবেচনা করেই পদক্ষেপ নেওয়া হবে।"
সাক্ষাৎকারে ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের প্রতি জোরালো আহ্বান জানান, যেন তিনি দুর্নীতির অভিযোগে বিচারাধীন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অবিলম্বে ক্ষমা করে দেন।
নেতানিয়াহুকে তার ডাকনাম 'বিবি' সম্বোধন করে ট্রাম্প দ্য টাইমস অব ইসরায়েলকে বলেন, "বিবি নেতানিয়াহুকে অবিলম্বে ক্ষমা করা উচিত। আমি মনে করি, তাকে ক্ষমা না করে প্রেসিডেন্ট হারজোগ খুব খারাপ একটি কাজ করছেন। আমরা চাই বিবি যেন কোনো হাস্যকর ক্ষমার বিষয়ের বদলে পুরোপুরি যুদ্ধের দিকেই মনোযোগ দিক।"
ডিবিসি/কেএলডি