যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি জনসমক্ষে অনুপস্থিত ছিলেন এবং চলমান যুদ্ধাবস্থার মধ্যে আড়াল থেকেই দেশের নেতৃত্ব ও শাসনব্যবস্থা পরিচালনা করে আসছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ এই অনুপস্থিতির পর সম্প্রতি তাঁর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
শনিবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি তাদের টেলিগ্রাম চ্যানেলে ১৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওটিতে মোজতবা খামেনিকে কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে কথা বলতে দেখা যায়, যেখানে তাঁকে বেশ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দেখা গেছে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভিডিওটি কবে এবং ঠিক কোথায় ধারণ করা হয়েছে, কিংবা মোজতবাকে ঘিরে থাকা ওই ব্যক্তিদের পরিচয় কী, সে বিষয়ে মেহের নিউজ কোনো তথ্য দেয়নি।
শীর্ষ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনির কোনো ভিডিও বা অডিও বার্তা এর আগে প্রকাশিত হয়নি। তাঁর যাবতীয় নির্দেশনা মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অথবা রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানোর মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছানো হতো।
মেহের নিউজের টেলিগ্রাম চ্যানেলে নতুন এই ভিডিওটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সংবাদ সংস্থাটির বরাতে চীনা সংবাদমাধ্যম সিজিটিএন-ও তাদের ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করেছে। তবে বিস্ময়কর ব্যাপার হলো, মেহের নিউজের ইংরেজি সংস্করণের ওয়েবসাইটে এ বিষয়ে কোনো প্রতিবেদন বা ভিডিও খুঁজে পাওয়া যায়নি।
দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর মোজতবা খামেনির উপস্থিতির এই ভিডিও সামনে আসায় ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা ও তাঁর বর্তমান কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটির সময়, স্থান এবং উপস্থিত ব্যক্তিদের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য না থাকায় বিষয়টি নিয়ে একধরনের রহস্য থেকেই যাচ্ছে।
সূত্র: সিনহুয়া
ডিবিসি/এফএইচআর