সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও বার্তা সাময়িকভাবে ব্লক করার ঘটনায় ভারতের তথ্য ও প্রযুক্তি (আইটি) মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে মেটা। প্রতিষ্ঠানটির চিপ গ্লোবাল অফিসার জোয়েল কাপলান সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকে মেটার পক্ষে এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন।
২৮ জুলাই ২০২৬ প্রশ্নফাঁস রোধে কড়া পদক্ষেপের বিষয়ে ভারতীয় যুবসমাজকে উদ্দেশ্য করে দেওয়া প্রধানমন্ত্রী মোদীর একটি ফেসবুক পোস্ট প্রায় পাঁচ ঘণ্টার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক করে রাখা হয়। এ ঘটনার পর মেটাকে কঠোর বার্তা দেয় আইটি সংক্রান্ত সংসদীয় কমিটি। কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, আগামী তিন দিনের মধ্যে ক্ষমা না চাইলে ভারতে মেটাকে দেওয়া বিশেষ আইনি সুরক্ষা (স্ট্যাটুটরি ইমিউনিটি) প্রত্যাহার করা হতে পারে।
সংসদীয় কমিটির এই কঠোর হুমকির পরেই মেটার উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ভারতে এসে আইটি মন্ত্রী ও আইটি সচিবের সঙ্গে বৈঠকে মিলিত হয়।
প্রতিষ্ঠানটি আগে বিষয়টিকে একটি যান্ত্রিক ত্রুটি হিসেবে ব্যাখ্যা করলেও ভারত সরকার সেই যুক্তিকে অপর্যাপ্ত বলে প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত বৈঠকে মেটার গ্লোবাল চিফ নিশ্চিত করেন যে, ভুলবশত ওই পোস্টটি সীমাবদ্ধ রাখা হয়েছিল এবং পরবর্তীতে তা পুনরুদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি ওই বৈঠকে শিশু ও নারীদের নিয়ে আপত্তিজনক কনটেন্ট নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস