শিক্ষা

'মোদের গরব, মোদের আশা'র স্রষ্টা অতুলপ্রসাদ সেনের প্রয়াণ দিবস আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

'মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা'-মাতৃভাষার প্রতি বাঙালির ভালোবাসার অনন্য প্রকাশ এই কালজয়ী গানের স্রষ্টা অতুলপ্রসাদ সেনের প্রয়াণদিবস আজ। বুধবার (২৬ আগস্ট) প্রখ্যাত এই গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীর ৯২তম প্রয়াণবার্ষিকী।

১৯৩৪ সালের ২৬ আগস্ট ভারতের লক্ষ্ণৌতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অতুলপ্রসাদ সেন। বাংলা সংগীতের স্বতন্ত্র ধারার অন্যতম পথিকৃৎ এই শিল্পী একাধারে ছিলেন কবি, আইনজীবী, শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব।


অতুলপ্রসাদ সেন ১৮৭১ সালের ২০ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই সংগীতের প্রতি তাঁর গভীর অনুরাগ গড়ে ওঠে। বাংলার বাউল, কীর্তন ও ভাটিয়ালি গানের সুর তাঁর সংগীতচর্চায় গভীর প্রভাব ফেলেছিল। পরবর্তী সময়ে বাংলা গানে নিজস্ব সুর ও বাণীর এক স্বতন্ত্র ধারা গড়ে তোলেন তিনি।


প্রেম, ভক্তি, স্বদেশচেতনা ও মানবিকতার পাশাপাশি মাতৃভাষার প্রতি গভীর মমত্ব তাঁর গানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তাঁর সৃষ্টি 'মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা' বাংলা ভাষা ও বাঙালির আত্মপরিচয়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের সময়ও গানটি বাঙালিকে অনুপ্রেরণা জুগিয়েছে।


বাংলা গানে ঠুমরি ও গজলের সুরধারা ব্যবহারের ক্ষেত্রেও অতুলপ্রসাদ সেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাণীপ্রধান গান, সুললিত সুর এবং আবেগঘন প্রকাশভঙ্গির মাধ্যমে বাংলা সংগীতভান্ডারকে তিনি সমৃদ্ধ করেছেন। তাঁর সৃষ্ট গানগুলো পরবর্তীকালের বহু গীতিকার, সুরকার ও শিল্পীকে প্রভাবিত করেছে।


অতুলপ্রসাদ সেনের মৃত্যুর পর তাঁর চিতাভস্মের একটি অংশ বর্তমান বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদে ব্রহ্মমন্দিরসংলগ্ন স্থানে সমাহিত করা হয়। সেখানে তাঁর স্মৃতিচিহ্ন আজও বাংলা ভাষা ও সংগীতপ্রেমীদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।


প্রয়াণের ৯২ বছর পরও অতুলপ্রসাদ সেন তাঁর গান, সুর ও বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসার মধ্য দিয়ে বাঙালির সাংস্কৃতিক স্মৃতিতে অমলিন হয়ে আছেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন