বাংলাদেশ, জাতীয়

মোবাইল হ্যাকিং ও ভয়েস ক্লোনিং নিয়ে এমপিদের সতর্ক করলেন চিফ হুইপ

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি সংসদ সদস্যদের মোবাইল ফোন হ্যাকিং, ভয়েস ক্লোনিং ও জাল স্বাক্ষরের মাধ্যমে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, এসব সমস্যা মোকাবিলায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে।

 

চিফ হুইপ বলেন, মোবাইল ফোন নিয়ে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। গতকাল তিনজন সংসদ সদস্য আমাকে জানিয়েছেন, তাদের নম্বর থেকে জরুরি ভিত্তিতে ৫০ হাজার টাকা চেয়ে বার্তা পাঠানো হয়েছে। আরেকজনের নম্বর থেকে ৩০ হাজার টাকা এবং অন্য একজনের নম্বর থেকে ২৫ হাজার টাকা চাওয়া হয়েছে।

 

তিনি বলেন, যেসব সংসদ সদস্যের নম্বর ব্যবহার করে এসব বার্তা পাঠানো হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তিনি তাদের ফোনে পাননি। এর অর্থ হলো তাদের মোবাইল (নম্বর) হ্যাক করা হয়েছে।

 

চিফ হুইপ সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিষয়টি সম্পর্কে সব আইনপ্রণেতার পর্যাপ্ত সচেতন থাকা প্রয়োজন। আমি মনে করি, আপনারা (সংসদ সদস্যরা) বিষয়টি জানলে পুরো দেশ জানবে। টেলিভিশনের মাধ্যমে পুরো বাংলাদেশকে বিষয়টি জানানো হোক। প্রতারকরা মানুষকে বিভ্রান্ত করতে ভয়েস ক্লোনিং এবং জাল নথিও ব্যবহার করছে।

 

তিনি বলেন, কিছু মানুষ স্বাক্ষর জাল করে নথি তৈরি করছে। এটিও একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিরোধী দল ও সরকারি দলের সংসদ সদস্যরাও এ ধরনের ঘটনার শিকার হয়েছেন।

 

চিফ হুইপ সংসদ সদস্যদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন