রাজধানীর মোহাম্মদপুর ও বেড়িবাঁধ এলাকায় কিলার বাদলের ইশারায় চলা একটি চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্র বেপরোয়া হয়ে উঠেছে, যারা বিভিন্ন পয়েন্ট থেকে মাদক কারবার ও চাঁদাবাজির মাধ্যমে মাসে কোটি টাকার বেশি আয় করছে।
ক্ষমতাধরদের ছত্রছায়ায় থাকা এই চক্রের হাতে প্রায়ই নাজেহাল ও মারধরের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত দশটা বিশ মিনিটে বসিলা এলাকায় দেশীয় অস্ত্র হাতে বোরখা পরা কয়েকজন যুবক বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইব্রাহিম খলিলকে কুপিয়ে গুরুতর জখম করে, যার নেতৃত্ব দেয় রাব্বি নামে এক দুর্বৃত্ত।
এর আগে ২১শে ফেব্রুয়ারি দিনে-দুপুরে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজিতে বাধা দেওয়ায় শ্রমিক নেতা রাসেল ও মামুনের ওপর নির্মম হামলা চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, দূরে থেকে এসব হামলার নেতৃত্ব দেয় কিলার বাদল এবং তার ডান হাত হিসেবে কাজ করে মোল্লা কাউসার ও গ্যারেজ সোহেল। বিভিন্ন দোকানপাট ও স্ট্যান্ড থেকে চাঁদা তোলাই তাদের মূল পেশা।
গত ১৯শে ফেব্রুয়ারি গ্যাস সিলিন্ডারের দোকানে চাঁদা দাবি করা কালা ফারুকও এই গ্রুপের সদস্য। পুলিশ মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সতর্ক অবস্থানের দাবি করলেও মাঠের চিত্র সম্পূর্ণ ভিন্ন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে ডিএমপির উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানিয়েছেন, এসব চাঁদাবাজদের ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/পিআরএএন