রাজনীতি

মোহাম্মদপুরে থানার দ্বারে দ্বারে ঘুরলেও মামলা নিচ্ছে না পুলিশ, অভিযোগ ব্যবসায়ীর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর লালমাটিয়ায় গত মাসের ৩১ তারিখ মধ্যরাতে বিয়ের অনুষ্ঠান শেষে ফিরছিলেন ফাহিম ও তাঁর পরিবার। এ সময় পথে তৃতীয় পক্ষের কথা-কাটাকাটি দেখতে পেয়ে ফাহিম তা থামাতে যান।

সেখানে একজনকে 'তুমি' করে সম্বোধন করা নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। কথাবার্তার একপর্যায়ে বাগ্‌বিতণ্ডা চরম রূপ নেয় এবং ওই পক্ষের নাহিদ নামের এক তরুণের সঙ্গে ফাহিমের হাতাহাতি বেধে যায়। নাহিদ প্রথমে মারধর শুরু করলে ফাহিমের সঙ্গে তাঁর তুমুল হাতাহাতি শুরু হয়ে যায়।


পরিস্থিতি সামলাতে ফাহিমের সঙ্গে থাকা দুজন দুই পক্ষকে আলাদা করেন। ঠিক এমন সময় নাহিদসহ কয়েকজন রড ও লাঠি দিয়ে সজোরে ফাহিমের মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন।

 

তাৎক্ষণিকভাবে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ফিরিয়ে দেয়। এরপর দ্রুত তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় ফাহিম বর্তমানে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।


এ ঘটনায় বাদী হয়ে আইনি সহায়তার জন্য গত দুদিন মোহাম্মদপুর থানায় ঘুরলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন ফাহিমের বাবা মাহফুজুর রহমান।

 

সবশেষ মোহাম্মদপুর থানার বর্তমান ওসি ফাহিমের বাবাকে জানান, থানায় নয়, কোর্টে গিয়ে মামলা করতে হবে; থানায় এ মামলা নেওয়া সম্ভব নয়।


এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসির সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি৷

 

ডিবিসি/এসভিএন

আরও পড়ুন